বাস মালিকরা এবার নির্ধারিত ভাড়ার চেয়ে একটা জায়গায়ও বেশি ভাড়া নিচ্ছে না বলে জানিয়েছেন সড়ক ও সেতু, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার (১৬ মার্চ) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে এসব কথা বলেন মন্ত্রী।
সড়কমন্ত্রী বলেন, নির্ধারিত ভাড়ার চেয়ে কোনো কোনো জায়গায় কম ভাড়াও তারা যাত্রী বহন করছে। কমটা খুব বেশি না ২০-৩০-৫০ টাকার মতো কম তারা নিচ্ছে। অতীতে যাত্রী কম থাকলে পরিবহনগুলো নির্ধারিত ভাড়ার চেয়ে কমে যাত্রী নিতে অভ্যস্ত। এখনও অনেকেই সেই কম ভাড়াতেই নিচ্ছেন। যেমন নির্ধারিত ভাড়া ৭০০ টাকা হলেও কেউ ৬০০, কেউ ৬৮০ টাকা নিচ্ছেন। গত সাত দিনে নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার কোনো নজির পাওয়া যায়নি।
নির্ধারিত টাকার চেয়ে এক টাকা ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই জানিয়ে তিনি আরও বলেন, মোবাইল কোর্ট, ভিজিলেন্স টিম ও পুলিশের কন্ট্রোল রুম সক্রিয় রয়েছে। যেকোনো যাত্রী অভিযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে, আমরা ২৪ ঘণ্টা তৎপর।
উদাহরণ হিসেবে, রংপুরে একজন যাত্রী ১০০ টাকা বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করেছিলেন। বিষয়টি জানার পর আমি তাৎক্ষণিকভাবে রংপুরের ডিসির সঙ্গে কথা বলি। তিনি গিয়ে দেখেন, নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়া হয়নি। আগে যাত্রী কম থাকায় অনেক সময় কম ভাড়ায় নেওয়া হতো, এখন নির্ধারিত ভাড়ার কাছাকাছি নেওয়ায় কিছু যাত্রীর কাছে তা বেশি মনে হতে পারে।
ঢাকা,সোমবার ১৬ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















