ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার অন্যতম হোতা ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে সহায়তার অভিযোগে ফিলিপ সাংমা নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ)। গ্রেপ্তারকৃত ফিলিপও একজন বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে।
এসটিএফ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩ মার্চ) দিবাগত মধ্যরাতে উত্তর২৪ পরগনা জেলার কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকা থেকে ফিলিপকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতের মেঘালয়ে অবৈধভাবে প্রবেশ করিয়েছিলেন এই ফিলিপ।বর্তমানে তাকে নিজেদের হেফাজতে নিয়ে এই চক্রের অন্য সদস্যদের সম্পর্কে তথ্য উদ্ধারে জিজ্ঞাসাবাদ করছে এসটিএফ।
এর আগে গত সপ্তাহের শনিবার দিবাগত মধ্যরাতে বনগাঁ সীমান্ত এলাকা থেকে মূল অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তার করা হয়। গত ৮ মার্চ তাদের আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের পুলিশি রিমান্ডের আদেশ দেন। আগামী ২১ মার্চ তাদের পুনরায় বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে।
ঢাকা,শনিবার ১৪ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















