বাগেরহাটের রামপালে খুলনা-মোংলা মহাসড়কে নৌবাহিনীর স্টাফবাহী বাস ও বিয়ের যাত্রীবাহী মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে বর, কনেসহ তিনজন নারী এবং তিনজন শিশুও রয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১৫ জন।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার বেলাইব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে মোংলা পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, তার স্ত্রী আঞ্জুমান বেগম, তার ছেলে সাব্বির (বর), কনে খুলনার কয়রা উপজেলার বাসিন্দা মার্জিয়া মিতু, কনের বোন লামিয়া, ইমরান, আল আমিন, মাইক্রোবাসের চালক নাঈম শেখের নাম পাওয়া গেছে।
জানা যায়, খুলনার কয়রায় একটি বিয়ের অনুষ্ঠান থেকে মোংলায় নিজেদের বাড়ি ফিরছিলেন মাইক্রোবাসের যাত্রীরা। আর মোংলা থেকে খুলনায় যাচ্ছিল নৌবাহিনীর বাসটি।
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কেএম হাসানুজ্জামান বলেন, পথিমধ্যে বেলাইব্রিজ নামক স্থানে দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
খুলনা,বৃহস্পতিবার ১২ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















