নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউপির মাগুড়া উত্তর পাড়ায় জনবসতিপূর্ণ এলাকায় সাইনবোর্ড বিহীন অবৈধ কারখানা স্থাপন করায় মেশিনের শব্দে রাতে ঘুমাতে পারছে না এলাকাবাসী। মেশিনের উচ্চ শব্দের স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের পড়ালেখায়ও চরম ব্যাঘাত ঘটছে। শব্দে অতিষ্ঠ এলাকাবাসীর প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সরেজমিন পরিদর্শনে জানা গেছে, মাগুড়া উত্তর পাড়া গ্রামটিতে প্রায় ৫ শতাধিক কৃষি শ্রমিকসহ বিভিন্ন কায়িক শ্রম পেশার মানুষ বাস করে। যাদের কাক ডাকা ভোরে নিজ নিজ কর্মস্থলে যেতে হয়। সারাদিন হাড়ভাঙ্গা শ্রমের পর বাড়িতে এসে একটু স্বস্তির ঘুম দিবেন এর কোন উপায় নেই। ওই গ্রামের এক প্রভাবশালী আব্দুর রহমানের ছেলে ইব্রাহিম খলিল জনবসতিপূর্ণ গ্রামে অবৈধভাবে সাইনবোর্ড বিহীন একটি বস্তা তৈরীর কারখানা স্থাপন করেন। যার নেই কোন সরকারি বৈধ কাগজপত্র। কারখানার কোন কাগজপত্র না থাকায় কারখানার নামে কোন সাইনবোর্ড দেননি।
অভিযোগকারী ইয়াসিন আলী, মারুফা বেগম, মিজান, মিয়া আব্দুল বারেক , সাহাবুল, আবু বক্কর, সহ অনেকে অভিযোগ করে বলেন এই গ্রামের অধিকাংশ মানুষ সরাসরি বিভিন্ন কায়িক শ্রমের সাথে জড়িত। সারাদিন খাটাখাটনির পর রাতে বাড়িতে এসে কারখানার মেশিনের শব্দের ঠিকভাবে ঘুমাতে পারিনা। ছেলে মেয়েরা স্কুলের পড়ালেখা তৈরি করতে পারে না। কারখানার উচ্চ শব্দে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি।
এ ব্যাপারে কারখানার মালিক ইব্রাহিম খলিল বলেন আমার কারখানার মেশিন এর কোন শব্দ নেই গ্রামবাসীরা ভিত্তিহীন অভিযোগ করেছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া বলেন,অভিযোগ পেয়েছি খুব তাড়াতাড়ি ওই এলাকায় যাব।
মোঃ শাহজাহান সিরাজ কিশোরগঞ্জ(নীলফামারী) উপজেলা প্রতিনিধি,
নীলফামারী,শনিবার ৩১ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















