নওগাঁর মহাদেবপুরে ট্রাকচাপায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, নওগাঁর মহাদেবপুর উপজেলার নূরপুর এলাকার বিপুল পাহান (২৫) ও সঞ্জু রাও (৪৫)। বাকি তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।শনিবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার পাঠকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পাঁচজনের বিষয়টি নিশ্চিত করেছেন মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইমরুল কায়েস।
মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কাসেম জানান, একটি ড্রাম ট্রাক মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি একটি ভ্যানকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ইমরুল কায়েস বলেন, ভোর সাড়ে ৪টার দিকে সড়ক দুর্ঘটনাটি ঘটে। আহত তিনজনকে ভোর ৫টার দিকে হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নওগাঁ,শনিবার ৩১ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















