বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে জেলায় একটি সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে বলেও জানান তিনি।
শনিবার (২৪ জানুয়ারি) বগুড়ায় ১০ দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির।
তিনি বলেন, গাইবান্ধা ও বগুড়াবাসীর দাবির পরিপ্রেক্ষিতে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে।বিগত সাড়ে ১৫ বছরে প্রায় সাড়ে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। সেই অর্থ দেশে ফিরিয়ে এনে আমাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী উন্নয়ন খাতে ব্যয় করা হবে। এমন একটি ব্যবস্থা গড়ে তোলা হবে, যাতে চোরেরা আর চুরি করতে না পারে। রাষ্ট্রের টাকা রাষ্ট্রীয় খাতেই ব্যয় নিশ্চিত করা হবে।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের জনগণ সাক্ষী জামায়াতের নেতাকর্মীরা কখনো চাঁদাবাজি, দখলবাজি কিংবা টেন্ডারবাজিতে জড়ায় না। আমাদের হাত পবিত্র। এই পবিত্র হাত দিয়েই আমাদের প্রতিশ্রুত সব ওয়াদা বাস্তবায়ন করা হবে, ইনশাআল্লাহ। মা-বোনদের জীবন আমাদের জীবনের চেয়েও বেশি পবিত্র।তাদের জন্য আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলব, ইনশাআল্লাহ।
বগুড়া,শনিবার ২৪ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















