রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে কী কারণে এ সংঘর্ষের সূত্রপাত হয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উভয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারিতে জড়িয়ে পড়েন।
সংঘর্ষ চলাকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঢাকা কলেজ ক্যাম্পাসের ভেতরে দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান।
সরেজমিনে দেখা যায়, মিরপুর রোডের নিউমার্কেট অংশে থমথমে অবস্থা বিরাজ করছে। একপর্যায়ে শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন।
সংঘর্ষের কারণে মিরপুর থেকে নিউমার্কেটগামী সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। একইভাবে নিউমার্কেট থেকে মিরপুরমুখী সড়কেও যান চলাচল বন্ধ রয়েছে।ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
ঢাকা,বৃহস্পতিবার ২২ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















