তেহরানে শুরু হওয়া এ বিক্ষোভ ইতোমধ্যে দেশটির ৩১ প্রদেশের সবকটিতে ছড়িয়ে পড়েছে। চলমান বিক্ষোভে শুধুমাত্র রাজধানী তেহরানেই এক রাতে ২০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন।
গত বৃহস্পতিবার রাতে আন্দোলন তীব্র আকার ধারণ করে।এ সময় বিক্ষোভকারীরা সহিংস হয়ে ওঠেন। এর জবাবে নিরাপত্তা বাহিনী ব্যাপক গুলিবর্ষণ করে।
টাইমস ম্যাগাজিন শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, নাম প্রকাশ না করার শর্তে তেহরানের এক চিকিৎসক তাদের জানিয়েছেন, শুধুমাত্র তেহরানের ছয়টি হাসপাতালে কমপক্ষে ২১৭ জন বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে। নিহতদের বেশিরভাগই গুলিতে প্রাণ হারিয়েছেন।
সাময়িকীটি বলেছে, যদি এসব মৃত্যুর তথ্য নিশ্চিত হয়, তাহলে ধারণা করা যায়-বিক্ষোভ দমনে ইরান সরকার কঠোর অবস্থান নিয়েছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কতাকেও উপেক্ষা করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরান যদি বিক্ষোভকারীদের হত্যা করে, তাহলে খামেনি সরকারকে চড়া মূল্য দিতে হবে।
বৃহস্পতিবার রাতের তীব্র আন্দোলনের পর শুক্রবার রাতেও তেহরানসহ দেশের বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষ জড়ো হন।ওই চিকিৎসক টাইমস ম্যাগাজিনকে আরও জানান, শুক্রবার হাসপাতালগুলো থেকে এসব মরদেহ সরিয়ে ফেলা হয়েছে। তিনি বলেন, উত্তর তেহরানের একটি পুলিশ স্টেশনের বাইরে বিক্ষোভকারীদের লক্ষ্য করে মেশিনগান থেকে ব্রাশফায়ার করা হয়। এতে অন্তত ৩০ জন গুলিবিদ্ধ হন। নিহতদের বেশিরভাগই তরুণ।
তবে হতাহতের প্রকৃত সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স ও টাইমস ম্যাগাজিনসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
আন্তর্জাতিক ডেস্ক,শনিবার ১০ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















