ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ এলাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে চালক ও হেলপার নিহত হয়েছেন।
শনিবার (০৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাবনা সদর উপজেলার গাজামানিকুন্ডা গ্রামের জাফর মিয়ার ছেলে হেলপার মুবারক হোসেন (২০) ও একই গ্রামের আবুল কালাম শেখের ছেলে চালক সোহেল শেখ (২৭)।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যশোর অঞ্চলের সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, রাতে যশোর থেকে একটি ডাল বোঝায় ট্রাক পাবনা যাচ্ছিল।রাত ১টার দিকে গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন ব্রিজের উপর এলে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে কুমার নদে পড়ে যায়।
খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। ভোরে মুবারক হোসেন ও রোববার (০৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে চালক সোহেল শেখের লাশ উদ্ধার করা হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ঝিনাইদহ,রোববার ০৪ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















