এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার) বাতিলের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে ভাঙচুর চালিয়েছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে অন্তত পাঁচজনকে আটক করেছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।
জানা যায়, বিটিআরসি ভবনের করিডোরসহ মূল ভবনের একাধিক গ্লাস ভাঙা অবস্থায় রয়েছে।
আন্দোলনকারীরা ব্যাপক ইট-পাটকেল নিক্ষেপ করলে ভবনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়।
বিটিআরসি ভবনে দায়িত্বে থাকা আনসার সদস্যরা জানান, দুপুর ২টা থেকে মোবাইল ফোন ব্যবসায়ীরা সেখানে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন। পরে বিকেল ৩টার দিকে তারা সহিংস হয়ে ওঠেন এবং ভাঙচুর চালান। এ সময় বিটিআরসি ভবনের পাশের গলিতে রাখা বিআরটিসির একটি বাসেও ভাঙচুর করা হয়।
পরিস্থিতি অবনতির পর সন্ধ্যার দিকে বিটিআরসি ভবন এলাকায় সেনাবাহিনী, পুলিশ, র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। অভিযানের সময় সেনাবাহিনীর একটি গাড়িতে করে অন্তত পাঁচজনকে আটক করে নিয়ে যেতে দেখা গেছে।
আরও জানা গেছে, পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী এনইআইআর বাস্তবায়ন শুরু হওয়ায় ক্ষুব্ধ হয়ে মোবাইল ফোন ব্যবসায়ীরা এই হামলা চালান। ভবনের বাইরে দুটি রাস্তা থেকে ঢিল নিক্ষেপ করে ভাঙচুর করা হয়।
ঢাকা,বৃহস্পতিবার ০১ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















