আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন না স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। দলীয় মুখপাত্র হিসেবে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম ‘রাজনৈতিক পরিষদেও’ অন্তর্ভুক্ত করা হয়েছে তাকে।সোমবার (২৯ ডিসেম্বর) জাতীয় নাগরিক পার্টির অনলাইনে অনুষ্ঠিত এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।
আসিফ মাহমুদের যোগদানের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, জাতীয় নাগরিক পার্টির অনলাইনে অনুষ্ঠিত একটি জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াকে দলের মুখপাত্রের দায়িত্ব প্রদান করা হয়েছে। সংগঠনকে ধরে রাখার জন্য তিনি এবারের নির্বাচনে অংশ নেবেন না।
বরং তাকে জাতীয় নাগরিক পার্টির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ছিলেন নাসীরুদ্দীন পাটোয়ারী। কিন্তু যেহেতু তিনি নির্বাচনে অংশ নেবেন, তাই এই দায়িত্ব ছেড়ে দিয়েছেন। ফলে আসিফ মাহমুদের কাছে এই দায়িত্ব তাই আমরা হস্তান্তর করেছি।
ঢাকা,সোমবার ২৯ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















