ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।
রোববার (২৮ ডিসেম্বর) সকালে রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
নজরুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত ছিল। ঘটনার পর ফয়সালসহ আরও একজন ময়মনসিংহ হয়ে সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যায়।
ডিএমপির এ কর্মকর্তা বলেন, হাদি হত্যা মামলার মূল আসামিদের চিহ্নিত করার আগেই তারা পালিয়ে যায়। তারা মেঘালয় রাজ্যের তুরা এলাকায় আত্মগোপনে চলে যায়। সেখানে তাদের সহযোগিতাকারী দুজনকে আটক করেছে ভারতের পুলিশ।
মো. নজরুল ইসলাম বলেন, এ পর্যন্ত মোট ১১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে ৬ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ন্যায়বিচার নিশ্চিতে রাষ্ট্র ও পুলিশের সর্বাত্মক চেষ্টা চলছে জানিয়ে ডিএমপির এ কর্মকর্তা বলেন, আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে চার্জশিট দাখিল করতে পারবো।
ঢাকা,রোববার ২৮ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















