দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীর ৩০০ ফুটে উৎসবমুখর পরিবেশ। নেতাকে বরণ করে নিতে দেশজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উচ্ছ্বাস ও আবেগ।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে দেশের মাটিতে পা রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।তাকে স্বাগত জানাতে একদিন আগেই বুধবার (২৪ ডিসেম্বর) ৩০০ ফুটের সমাবেশস্থলে জড়ো হয়েছেন অগনিত নেতাকর্মী। জাতীয় পতাকা, দলীয় পতাকা, ব্যানার-ফেস্টুন-প্ল্যাকার্ড আর নেতাকর্মীদের পদচারণায় পুরো এলাকা ইতোমধ্যে উৎসবমুখর হয়ে উঠেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সংবর্ধনা মঞ্চের নির্মাণকাজ শেষ পর্যায়ে। ব্যানার, পতাকা, তোরণ ও আলোকসজ্জায় সাজানো হয়েছে পুরো সমাবেশস্থল।
বুধবার কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রংপুর ও বগুড়াসহ দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা মঞ্চ এলাকা পরিদর্শনে আসেন। অনেকেই সমাবেশের আগের রাত থেকেই মাঠে অবস্থানের প্রস্তুতি নিয়ে এসেছেন। নিরাপত্তা নিশ্চিত করতে মঞ্চের সামনে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীকেও টহল দিতে দেখা যায়। সেনাবাহিনীর একাধিক টিম গাড়িতে করে দফায় দফায় পুরো এলাকা পরিদর্শন করছে।
ঢাকা,বুধবার ২৪ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















