ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক ও অপরিবর্তিত। রোববার ( ১৪ ডিসেম্বর) সকালে একটি সিটি স্ক্যান করা হয়েছে। তার ভিত্তিতে মেডিকেল ব্রিফ করা হয়।রোববার (১৪ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ড. মো. আব্দুল আহাদ এ তথ্য জানান।
তিনি বলেন, হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক। সকালে তার পুনরায় সিটি স্ক্যান করা হয়েছে। এতে দেখা গেছে, মস্তিষ্কে মারাত্মক ক্ষতি হয়েছে। মস্তিষ্কের পাশাপাশি কিডনির কার্যক্ষমতাও কাজ করছিল না, যদিও পরে কিডনির কার্যক্ষমতা ফিরে এসেছে। এ ছাড়া গুলি মস্তিষ্কের টেম্পোরাল ব্যারিয়ার ভেদ হয়ে গেছে।
আব্দুল আহাদ জানান, তাকে এক্সপার্ট হাতে গুলি করা হয়েছে। খুব কাছ থেকে তাকে গুলি করা হয়েছে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে রক্তনালীগুলো রয়েছে, সেগুলোর পাশ দিয়েই গুলি ভেদ করে গেছে। গুলির অনেকটাই সরিয়ে ফেলা গেলেও অপারেশনের পরেও স্প্রিন্টারের কিছু অংশ মস্তিষ্কে থেকে গেছে। মস্তিষ্কে অক্সিজেনের স্বল্পতা ছিল এবং সেখানে রক্ত জমাট বেঁধে আছে। লাইফ সাপোর্টে ফুসফুস অপরিবর্তিত অবস্থায় রয়েছে।
তিনি আরও বলেন, হাদি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে আছেন। এ অবস্থায় পরিবার তাকে বিভিন্ন জায়গায় নেয়ার চেষ্টা করছে। মেডিকেল বোর্ড যদি কোনো সিদ্ধান্ত দেয়, তাহলে বিদেশে নেয়া হবে কি না, সে বিষয়ে পরিবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ইতোমধ্যে বিদেশে তার চিকিৎসা সংক্রান্ত কেস সামারি পাঠানো হয়েছে।
ঢাকা,রোববার ১৪ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















