রাজশাহীর তানোরে পরিত্যক্ত একটি গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন।
জানা গেছে, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৮টা ৫০ মিনিটে শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধারের পরপরই তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষা করার পর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদা সাজিদকে মৃত ঘোষণা করেন। যদিও সাজিদকে উদ্ধারের পর তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান তাকে ‘জীবিত’ বলেছিলেন। কিন্তু তখনও সাজিদ অচেতন অবস্থায় ছিল। ফায়ার সার্ভিস প্রথম পর্যায়ে চার্জ ভিশন ক্যামেরা দিয়ে প্রায় ৩৫ ফুট পর্যন্ত অনুসন্ধান চালায়। তবে শিশুর অবস্থান শনাক্ত করতে ব্যর্থ হয়। এরপর পাশেই এস্কেভেটর দিয়ে রাতভর প্রায় ৩৫ ফুট গভীর বড় একটি গর্ত খনন করা হয়। সকালে সেই গর্ত থেকে নলকূপের দিকে সুড়ঙ্গ খোঁড়ার চেষ্টা করা হলেও সেখানেও শিশুর অবস্থান শনাক্ত করা যায়নি। এরপর আবারও পরিত্যক্ত নলকূপে ক্যামেরা নামানো হলে সেটিতে মাটি ছাড়া আর কিছু দেখা যায়নি। এরপর নতুন করে আবারও খননের সিদ্ধান্ত নেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
রাজশাহী,বৃহস্পতিবার ১১ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















