আদালত অবমাননার মামলায় ট্রাইব্যুনালে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা ফজলুর রহমান। আগামী সোমবার (৮ ডিসেম্বর) এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
বুধবার (৩ ডিসেম্বর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।এর আগে গত ৩০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও ট্রাইব্যুনালের বিচার নিয়ে বিতর্কিত মন্তব্য করায় আদালত অবমাননার অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমানকে শোকজ করা হয়েছে। একই সঙ্গে আগামী ৮ ডিসেম্বর তাকে তার প্রাতিষ্ঠানিক ও আইনজীবী সনদ নিয়ে ট্রাইব্যুনালে সশরীরে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসিকিউশনের আবেদনে চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দিয়েছিলেন।
চিফ প্রসিকিউটর বলেন, ফজলুর রহমান আলাদা আইনজীবী নিয়োগ করে এখানে পিটিশন পাঠিয়েছেন। আনকন্ডিশনাল এপলজি দিয়ে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। সেই পিটিশন হয়তো ৮ তারিখে শুনানি হবে। ফজলুর রহমান বলেছেন, যা কিছু বলেছেন তিনি ভুলে বলেছেন। তিনি আদালতে মার্সি চান।
ঢাকা,বুধবার ০৩ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















