বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে, তবে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন। দেশবাসীকে কোনো ধরনের গুজবে কান না দেয়ার অনুরোধ করে সবাইকে ধৈর্য্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি।মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, ডাক্তারদের দেওয়া চিকিৎসা বেগম খালেদা জিয়া গ্রহণ করতে পারছেন। তার শারীরিক অবস্থার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।
এ সময় খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়িয়ে পড়ছে বলে উল্লেখ করে পরিবার ও দলের পক্ষ থেকে এসব গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন ডা. জাহিদ হোসেন।
ডা. জাহিদ কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, দীর্ঘ সময় ধরে আপনারা আমাদের সহযোগিতা করেছেন, আমরা আপনাদের সহযোগিতা চাই।
তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বলেন, সবার দোয়ায় এই যাত্রায় তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করি।
ঢাকা,মঙ্গলবার ০২ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















