ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হবে আগামী ১ ডিসেম্বর। পূর্বাচল নতুন শহর প্রকল্পে শেখ রেহানাকে অবৈধভাবে ১০ কাঠা জমি দেয়ার অভিযোগে মামলাটি করে দুদক।মঙ্গলবার (২৫ নভেম্বর) আদালতের বেঞ্চ সহকারী বেলাল হোসেন জানান, ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের যুক্তিতর্কের পর এই তারিখ নির্ধারণ করেন।
মামলার সাক্ষীরা জানান, প্রধানমন্ত্রীত্বের ক্ষমতার অপপ্রয়োগ করে জালিয়াতির মাধ্যমে প্লট বরাদ্দ দিয়েছেন শেখ হাসিনা।
অন্য আসামিরা হলেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপ-পরিচালক নায়েব আলী শরীফ, তদন্তে পরবর্তীতে যুক্ত হওয়া দুই আসামি সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
এদিকে, শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা পলাতক থাকায় তাদের পক্ষ থেকে স্টেট ডিফেন্স বা রাষ্ট্রীয় অর্থায়নে আইনজীবী নিয়োগের সুযোগ দেয়া হয়নি।
ঢাকা,মঙ্গলবার ২৫ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















