নরসিংদীতে তীব্র ভূমিকম্পের প্রভাবে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে জেলায় তীব্র ভূমিকম্প অনুভূত হলে এ হতাহতের ঘটনা ঘটে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নরসিংদীর মাধবদীতে ভূকম্পনটির উৎপত্তিস্থল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭।ভূমিকম্পের কেন্দ্রস্থল মাধবদী হওয়ায় নরসিংদীতে এর অনুভূত ও ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। ভূমিকম্পে নরসিংদীতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জেলার প্রায় সব উপজেলায় ক্ষয়ক্ষতি হয়েছে। নরসিংদী শহরসহ জেলার বিভিন্ন উপজেলার অনেক ভবন ফেটে ও হেলে পড়েছে। অন্যদিকে, ভয়াবহ ভূমিকম্পে পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, নরসিংদী সদর উপজেলার গাবতলি এলাকার মৃত আবদুল আজিজের ছেলে দেলোয়ার হোসেন (৩৭), তার শিশু সন্তান ওমর মিয়া (১২), পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের মালিতা গ্রামের কাজেম আলী ভূইয়া (৭৫), ডাঙ্গা ইউনিয়নের ইসলামপাড়া নয়াপাড়া গ্রামের সিরু মিয়ার ছেলে নাসির উদ্দিন (৬০) ও শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের আজকিতলা গ্রামের মৃত শরাফাত আলীর ছেলে ফোরকান মিয়া (৪৫)।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. গুলশানা কবির বলেন, ভূমিকম্পে আহত হয়ে প্রায় অর্ধশতাধিক নারী পুরুষ চিকিৎসা নিয়েছে। আর গুরুতর কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে।নরসিংদী পুলিশ সুপার মেনহাজুল আলম দুপুরে গাবতলি এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি বলেন, ভূমিকম্পে জেলায় শতাধিক আহত হওয়ার খবর পেয়েছি। যেকোন দুযোগে জেলা পুলিশ সাধারণ মানুষের পাশে রয়েছে। পুলিশ তাদের নিরাপত্তায় সচেষ্ট রয়েছে।
নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, ভূমিকম্পে জেলায় আমরা পাঁচজন মারা যাওয়ার খবর পেয়েছি। আমরা সারাদিন জেলায় আহতদের চিকিসার খোঁজখবর নিয়েছি। জেলা প্রশাসনের হটলাইন নাম্বার চালু করা হয়েছে, যেখানে আহত ও ক্ষয়ক্ষতির খোঁজ নেওয়া হচ্ছে।
নরসিংদী,শুক্রবার ২১ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















