ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় গাড়ির ভেতরে ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা যান চালক জুলহাস মিয়া। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সোমবার (১১ নভেম্বর) শেষ রাত সোয়া ৩টার দিকে ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান বাজারের পেট্রল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।নিহত জুলহাস স্থানীয় কৈয়ারচালা গ্রামের বাসিন্দা মো. সাজু মিয়ার ছেলে।ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, উপজেলার ভালুকজান এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে আলম এশিয়া পরিবহনের একটি বাস দাঁড়িয়ে ছিল। এ সময় মুখোশ পরা তিনজন ব্যক্তি তিন সেকেন্ডের মধ্যে বাসে আগুন দিয়ে চলে যায়। এতে ভেতরে থাকা জুলহাস পুড়ে যান। নিহত ব্যক্তি বাসটির চালক ছিলেন বলে ধারণা করছি। আমরা বিস্তারিত খোঁজ নিচ্ছি। ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার কাজ চলছে।
ময়মনসিংহ,মঙ্গলবার ১১ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















