ধানমন্ডিতে একটি বিশ্ববিদ্যালয়ের বাসে আগুনের ঘটনা ঘটেছে। বাসটি শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বলে জানা গেছে।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালের সামনে ওই বাসে আগুন লাগে। কীভাবে বাসটিতে আগুন লেগেছে, তা জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বাসটিতে থাকা শিক্ষার্থী, ল্যাব এইড হাসপাতালের কর্মীরা মিলে বাসটির আগুন নিভিয়েছেন।আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ। তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৭টায় একটি বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন লাগে। খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বাংলানিউজকে জানান, আগুন লাগা বাসটা শান্তা মরিয়ম সায়েন্স অ্যান্ড টেকনোলজির। বাস সড়ক থেকে সরিয়ে নিয়েছে পুলিশ। কারা আগুন লাগিয়েছে বা কীভাবে লেগেছে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে।
ঢাকা,সোমবার ১০ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















