পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে একজনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম তারিক সাইফ মামুন (৫৫)। পুলিশ বলছে, তিনি শীর্ষ সন্ত্রাসী।
সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে আদালত পাড়া সংলগ্ন হাসপাতালটির সামনে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় মামুনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায়, মামুনের বাবার নাম এসএম ইকবাল। বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার মোবারক কলোনী এলাকায়।ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, মামুন দৌড়ে কোনো একটি ভবনের গেট দিয়ে প্রবেশের চেষ্টা করছেন। তখন পেছন থেকে দুই ব্যক্তি তাকে খুব কাছ থেকে একাধিক গুলি করে। পরে তারা সেখান থেকে হেঁটে চলে যান।
এ বিষয়ে ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, নিহত ব্যক্তি ইমন-মামুন গ্রুপের মামুন। তিনি এক সময় সানজিদুল ইসলাম ইমনের সহযোগী ছিল। তিনি একজন ‘শীর্ষ সন্ত্রাসী’।
তিনি আরও জানান, আমরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা করছি। ছোট ছোট গোয়েন্দা তথ্য পাচ্ছি। এর বাইরে এখন আর কিছু বলতে পারছি না।
এদিকে মামুনের পরিবার জানিয়েছে তিনি বাড্ডার একটি বাসায় ভাড়া থাকতেন। সকালে একটি মামলার হাজিরা দিতে পুরান ঢাকায় গিয়েছিলেন।
ঢাকা,সোমবার ১০ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















