দেশের বাজারে স্বর্ণের দাম টানা তৃতীয়বারের মতো কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমানো হয়েছে ১০ হাজার ৪৭৪ টাকা। ফলে এখন এক ভরি স্বর্ণে দাম কমে দাঁড়িয়েছে এক লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা।
বুধবার (২৯ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ২০ অক্টোবর স্বর্ণের দাম বাড়ানো হয়। এতে অতীতের সব রেকর্ড ভেঙে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম হয় ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১০ হাজার ৪৭৪ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৯ হাজার ৯৯৬ টাকা কমিয়ে এক লাখ ৮৫ হাজার ০৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৮ হাজার ৫৭৩ টাকা কমিয়ে নতুন দাম এক লাখ ৫৮ হাজার ৫৭২ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭ হাজার ৩১৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৩১ হাজার ৬২৮ টাকা।
এদিকে স্বর্ণের দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভালোমানের ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৪৭ টাকা। ১৮ ক্যারেটের একভরি রুপার দাম ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতনী একভরি রুপার দাম ২ হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়।
ঢাকা,মঙ্গলবার ২৮ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















