রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেল লাইনের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড (স্প্রিং) খুলে পড়ে এক পথচারীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান।
রোববার (২৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
নিহত তরুণের নাম আবুল কালাম আযাদ। তার বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তার বাড়ি শরিয়তপুরে বলে জানা গেছে।
উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, এ ঘটনায় সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবে৷
তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া তার পরিবারে কর্মক্ষম কোনো ব্যক্তি যদি থাকে তাকে মেট্রোরেলে চাকরির ব্যবস্থা করা হবে৷
ঢাকা,রোববার ২৬ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















