কেন্দ্রীয় শহীদ মিনারে ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিশিষ্টজনেরা।
শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে এই আয়োজন করা হয়।
এর আগে সকাল ১০টায় সৈয়দ মনজুরুল ইসলামের মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে শ্রদ্ধা নিবেদনের জন্য আনা হয়। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে তার একটি জানাজা অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে শ্রদ্ধা জানাতে আসেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, অধ্যপক সিরাজুল ইসলাম চৌধুরী, ফটো সাংবাদিক শহিদুল আলমসহ একাধিক অধ্যাপক, লেখক, সাংবাদিক, কবি ও সৈয়দ মনজুরুল ইসলামের ছাত্রছাত্রীরা।
এ ছাড়াও প্রত্নতত্ত্ব অধিদপ্তর, বাংলাদেশ কপিরাইট অফিস, আর্কাইভ ও গ্রন্থাগার অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, কালি ও কলম প্রকাশনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ, লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, ব্রাক ফ্যামিলি, এশিয়াটিক সোসাইটি, বিশ্বসাহিত্য কেন্দ্র, বাংলাদেশ জাতীয় জাদুঘর, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাসদ), গণসংহতি আন্দোলন, ছায়ানট, জাতীয় কবি নজরুল ইসলাম ইনস্টিটিউট, বাংলা একাডেমি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টসহ সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শ্রদ্ধা জানায়।
ঢাকা,শনিবার ১১ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















