ঢাকার আশুলিয়ায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া সংলগ্ন এলাকায় আয়েশা ক্লোথিং লিমিটেড কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।আয়েশা ক্লোথিং লিমিটেড কারখানার শ্রমিকরা জানান, কারখানায় প্রায় ৪১০০ জন শ্রমিক কাজ করেন। কারখানার দ্বিতীয় তলায় আনুমানিক ১২টার দিকে আগুনের উপস্থিতি টের পায় কর্মরত শ্রমিকরা। সাথে সাথে আগুন লাগার খবর পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। তৎক্ষণিকভাবে কারখানার সকল গেট খোলা হয় এবং শ্রমিকদের নিরাপদে বের করে দেওয়া হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পলমল গ্রুপের আয়েশা ক্লোথিং লিমিটেড নামের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস খবর পায় ১২টা ১৯ মিনিটে এবং ১২টা ৩৮ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ৯টি ইউনিট।
জিড়াবো ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার সবুজ ইসলাম বলেন, আমাদের স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।
ঢাকা,সোমবার ৬ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















