জানুয়ারিতেই শিক্ষার্থীরা নতুন বই পাবেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, নতুন বই ১ জানুয়ারিতে আমাদের দেওয়ার কথা।
কতোগুলো আমরা এরই মধ্যে অর্ডার দিয়েছি। তবে আজ আমরা আরও ভালোভাবে যাচাই করতে বলেছি।
রোববার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টাপরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, গত বছর বই ছাপানোর অর্ডার দেওয়া হয়েছিল নভেম্বরে। এবার শিক্ষার্থীরা যাতে জানুয়ারিতেই নতুন বই পায়, সে জন্য সেপ্টেম্বরে অর্ডার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কিছু অর্ডার দেওয়া হয়েছে। যাচাই-বাছাই করে বাকিগুলো সেপ্টেম্বরের মধ্যেই দেওয়া হবে।
তিনি বলেন, এর আগে যারা যারা বই তৈরির কাজ পেয়েছিল, তাদের বইয়ের মান কেমন ছিল, কাগজ কি ছিল এবং কারা একাধিক পাচ্ছে, মনোপলি হচ্ছে কিনা, আমরা সে কারণে লিস্ট আরেকটু যাচাই-বাছাই করব। আজ বই কেনার যে প্রস্তাব ছিল, সেটি প্রত্যাহার করা হয়েছে।
অর্থ উপদেষ্টা বলেন, অনিয়মের সংবাদ আমরা মাঝেমধ্যে পাই, ঠিকমতো করে না। আর একজন একটা অর্ডার নিয়ে বাকিগুলো নিয়ে নিয়েছে, সে ধরনের কিছু কিছু অভিযোগ আছে। সেই প্রতিষ্ঠানগুলো আইডেন্টিফাই (চিহ্নিত) করতে বলেছি।
ঢাকা,রোববার২১ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















