গত দুই বছর ধরে চলমান ফিলিস্তিনের গাজা শহরে চলমান আগ্রাসনের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা। বোমা ও গুলির আঘাতে হাজার হাজার বাসিন্দা তাদের পিতৃভূমি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
তাদের আশঙ্কা, হয়তো আর কখনোই ফিরে আসা হবে না আপন জন্মস্থলে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই অভিযানকে ‘ভয়াবহ’ বলে আখ্যা দিয়েছেন।
কয়েক সপ্তাহ ধরে গাজা শহরে নির্বিচারে ব্যাপক বিমান হামলার পর গত সোমবার (১৫ সেপ্টেম্বর) স্থল অভিযান শুরু করে দখলদার বাহিনী। এই অভিযানে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) অন্তত ৯১ জন নিহত হয়েছেন। অবশ্য চিকিৎসকরা জানিয়েছেন, মঙ্গলবার ভোর থেকে এ পর্যন্ত গাজাজুড়ে অন্তত ১০৬ জন নিহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, হামলার মুখে পালাতে থাকা লোকজনকে বহনকারী একটি গাড়িও ইসরায়েলের বোমায় আঘাতে বিধ্বস্ত হয়েছে। শহরের অন্তত ১৭টি আবাসিক ভবন ধ্বংস হয়েছে, এর মধ্যে পূর্বাঞ্চলের তুফাহ এলাকায় আয়বাকি মসজিদকেও লক্ষ্যবস্তু করেছে ইসরায়েলি যুদ্ধবিমান।
বোমা বর্ষণের পাশাপাশি সেনারা উত্তর, দক্ষিণ ও পূর্ব অংশেও বিস্ফোরক-ভর্তি রোবট ব্যবহার করে ধ্বংসযজ্ঞ চালিয়েছে।
ধ্বংসস্তূপে পরিণত শহর থেকে যখন কালো ধোঁয়া উঠছে, যখন আসবাবপত্রবোঝাই ভ্যান আর গাধার গাড়ি, আর হাতে শেষ সম্বল নিয়ে হেঁটে চলা মানুষদের ভিড় উপকূলীয় আল-রশিদ সড়ক ধরে দক্ষিণমুখী, তখন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন
‘গাজা জ্বলছে!’
আন্তর্জাতিক ডেস্ক,বুধবার ১৭ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















