বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়ার বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
আজ রোববার (৩১ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে এই ঘটনা ঘটে।
জানা গেছে, কম্বাইন্ড ডিগ্রীর দাবিতে বিশ্ববিদ্যালয়ে ভিসিসহ একাডেমিক কাউন্সিলের প্রায় ২২৭ শিক্ষককে ক্যাম্পাসের জয়নুল আবেদিন মিলনায়তনের ভেতরে রেখে গেটে তালা দিয়ে দেয় শিক্ষার্থীরা। দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষকরা সেখানে আটকে থাকেন।
পরে ময়মনসিংহ জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থলে যান। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সমঝতার আলোচনা শুরু করেন। তবে হঠাৎ লাঠিসোঁটা নিয়ে সেখানে প্রবেশ করে বহিরাগতরা এবং হামলা চালায় শিক্ষার্থীদের ওপর। এতে নারী শিক্ষার্থীসহ কয়েকজন আহত হন। এরপর শিক্ষকদের বের করে আনা হয়, শিক্ষার্থীদের লাঞ্চিত করা হয়। পরে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে আসে। বর্তমানে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ময়মনসিংহ,রোববার ৩১ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















