আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথায় যে আঘাত লেগেছে, তাতে আপাতত সার্জারির প্রয়োজন নেই। তবে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণের পরই বলা যাবে তিনি কতটা স্থিতিশীল (স্ট্যাবল) হচ্ছেন।
শনিবার (৩০ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য জানান।
তিনি বলেন, নুরুল হকের মাথায় যে আঘাতটা আছে সেখানে সম্ভবত সার্জারি লাগছে না। তবে ৪৮ ঘণ্টা থেকে ৭২ ঘণ্টা ওভার হলে রোগী কতটা স্ট্যাবলের দিকে যাচ্ছে তা বলা যাবে।
পরিচালক আরও জানান, নুরুল হকের নাকে থাকা ন্যাজাল প্যাক খুলে দেওয়া হয়েছে এবং এখন আর রক্ত পড়ছে না। তার চোয়ালের হাড় ভেঙেছে, তবে সেটিও চিকিৎসকদের মতে ঠিক হয়ে যাবে।
নুরকে হাসপাতালে আনার পরপরই ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। সেই বোর্ডের নির্দেশনায় তার চিকিৎসা চলছে। মেডিকেল বোর্ডে হাসপাতাল পরিচালক নিজেও আছেন।
পরিচালক বলেন, নুর একদম বেহুঁশ হয়ে পড়েননি। তাকে আইসিইউতে অক্সিজেন সাপোর্টসহ উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢাকা,শনিবার ৩০ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















