৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা হতে চলছে বৃহস্পতিবার (২৮ আগস্ট)। বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে বিকেল ৩টায় ঘোষণা করা হবে তফসিল।
এরই মধ্যে চাকসু নির্বাচনের সব প্রস্তুতি সেরেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি।
এর আগে ১৯৭০ সালে অনুষ্ঠিত হয় প্রথম কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। প্রতি বছর চাকসু নির্বাচন আয়োজনের বিধান থাকলেও ৯০ সালের নির্বাচনের পর ছাত্র সংগঠনগুলোর মুখোমুখি অবস্থান, কয়েক দফা সংঘর্ষের কারণে পরবর্তী কোনো প্রশাসনই নির্বাচন আয়োজনের সাহস করেনি। ফলে কার্যত অচল হয়ে পড়ে চাকসু।বিশ্ববিদ্যালয়ের ৫৫৯তম সিন্ডিকেট সভায় চাকসুর সংশোধিত গঠনতন্ত্র অনুমোদন করা হয়। এতে নিয়মিত শিক্ষার্থী হিসেবে ভোটার ও প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর রাখা হয়। এ ছাড়া সংসদের মেয়াদকাল এক বছর ও কার্যনির্বাহী কমিটি ২৮ সদস্যের করা হয়।
চাকসু নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অধ্যাপক ড. মনির উদ্দিন বাংলানিউজকে বলেন, চাকসু ভবনের দোতলায় আমরা নির্বাচন কমিশনের কার্যালয় স্থাপন করেছি। বিকেলে চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া শুরু করেছি। দীর্ঘদিন পর একটা নির্বাচন হতে যাচ্ছে আশা করছি উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে।
চট্টগ্রাম,বৃহস্পতিবার ২৮ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















