বেআইনি রায় প্রদানসহ জাল রায় তৈরির অভিযোগে শাহবাগ থানার মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৩০ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ রিমান্ডের এ আদেশ দেন।
এর আগে তাকে গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক খালেক মিয়া। সেই আবেদনের শুনানির জন্য আজ সকালে তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
এদিন প্রথমে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন বিচারক। এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল হক দিদার ও মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। তবে আসামিপক্ষে কোন আইনজীবী ছিলেন না। শুনানি শেষে বিচারক তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।
ঢাকা,বুধবার ৩০ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















