আগামীকাল ২২ থেকে ২৮ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে সারা দেশে উদযাপিত হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।এবারের ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’-এই প্রতিপাদ্যকে সামনে শুরু হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫।সোমবার (২১ জুলাই) দুপুরে সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, এবারের মৎস্য সপ্তাহকে জুলাই গণঅভ্যুত্থানের শহিদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য বিশেষভাবে সাজানো হয়েছে। সপ্তাহব্যাপী উদযাপনে থাকবে-মৎস্য পদক প্রদান, সচেতনতামূলক কর্মসূচি, র্যালি, আলোচনা সভা, সেমিনার, কর্মশালা ও প্রদর্শনী ইত্যাদি।
মৎস্য উপদেষ্টা আরও জানান, প্রতি বছরের মতো এবারও জাতীয় মৎস্য পদক নীতিমালা অনুযায়ী মৎস্য খাতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৭টি ক্ষেত্রে মোট ১৬ জন-মৎস্যচাষি, উদ্যোক্তা, সংস্থা, প্রতিষ্ঠান, সংগঠন, গবেষক, প্রযুক্তি উদ্ভাবক, সম্প্রসারণ কর্মী ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা/কর্মচারীকে জাতীয় মৎস্য পদক ২০২৫ প্রদান করা হবে।
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক দেওয়া হবে বলেও জানান তিনি।
এই পদক প্রদান করবেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।দেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে মৎস্য খাতের অবদান তুলে ধরে ফরিদা আখতার বলেন, নিরাপদ আমিষ ও পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনসহ সার্বিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি জানান, বাংলাদেশে অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ের পরিমাণ ৩৮.৬ লাখ হেক্টর, বন্ধ জলাশয় ৮.৫ লাখ হেক্টর এবং সামুদ্রিক জলসীমা রয়েছে ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার, যা মৎস্য সম্পদের বিশাল উৎস।
তিনি বলেন, টেকসই আহরণ, উন্নয়ন ও ব্যবস্থাপনার জন্য সরকার কার্যকর ও সময়োপযোগী কর্মপরিকল্পনা বাস্তবায়ন করে চলেছে। ফলে বাংলাদেশ আজ মাছে স্বয়ংসম্পূর্ণ। পাশাপাশি গবেষণাভিত্তিক, পরিবেশবান্ধব ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে অভ্যন্তরীণ ও সামুদ্রিক মৎস্য সম্পদের উন্নয়ন অব্যাহত রয়েছে।
ঢাকা,সোমবার ২১ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















