নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুড়ালিয়া গ্রামে বসত ঘর থেকে রাজমিস্ত্রী মো. সোহাগ মিয়া (২৩) ও তার স্ত্রী ঝুমা আক্তারের (২১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (২০ জুলাই) সকালে শ্বশুরবাড়ির বসত ঘর থেকে সোহাগ ও তার স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।পুলিশ ও স্থানীয়রা জানান, একই উপজেলার চকলেঙ্গুরা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে সোহাগ মিয়া তিন বছর আগে কুড়ালিয়া গ্রামের রহিম উদ্দিনের মেয়ে ঝুমা আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর থেকে স্ত্রীর বাড়িতেই থাকতেন সোহাগ। পেশায় তিনি রাজমিস্ত্রীর সহযোগী হিসেবে কাজ করতেন। তাদের দুই বছরের এক কন্যা সন্তানও রয়েছে।শ্বশুর বৃদ্ধ রহিম উদ্দিন একই বাড়িতে অন্য একটি ঘরে থাকতেন। শনিবার রাতে স্বামী-স্ত্রী শিশুটিকে নিয়ে ঘুমাতে যান। পরে শিশুটিকে বিছানায় রেখেই পাশের খালি ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না ও দড়ি প্যাঁচিয়ে দুজন আলাদা ভাবে ঝুলে পড়েন। রোববার সকালে শিশুটির কান্না শুনে নানা গিয়ে ঘরে ঢুকে মরদেহ দেখে পুলিশকে খবর দেন।
দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, ‘দারিদ্রতা নাকি অন্য কোনো কারণ, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, তারা শিশুটিকে বিছানায় রেখে পাশের ঘরের আড়ার সঙ্গে ঝুলেছিলেন।
নেত্রকোনা,রোববার ২০ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















