জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির ১৯ তম দিন আজ। কক্সবাজারে এই পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা।
শনিবার (১৯ জুলাই) বেলা ১২টার পর পদযাত্রা কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। কক্সবাজারের স্থানীয় নেতাকর্মীদের নিয়ে পদযাত্রায় যোগ দেন এনসিপির সিনিয়র নেতারা।
জেলার বাস টার্মিনাল থেকে শুরু হয় এই পদযাত্রা কর্মসূচি। পদযাত্রা শেষে পাবলিক লাইব্রেরি মোড়ে অনুষ্ঠিত হবে পথসভা। সেখানে এনসিপি নেতারা তাদের বক্তব্য তুলে ধরবেন। এরপর কক্সবাজারে জুলাই শহীদের কবর জিয়ারত করবেন তারা।কক্সবাজারের কর্মসূচি শেষ করে এনসিপি নেতারা যাবেন বান্দরবান জেলায়। শনিবার (১৯ জুলাই) বিকেল ৩টায় বান্দরবান পৌর এলাকায় পৌঁছানোর কথা রয়েছে কেন্দ্রীয় নেতাদের।
এর পরে বান্দরবানের সোনালী ব্যাংকের সামনে প্রধান সড়কে এক সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে। এরপর তাদের সদরের বিভিন্ন এলাকায় পদযাত্রা করার কথা রয়েছে।
পদযাত্রায় অংশ নিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনীম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, সদস্য সচিব আখতার হোসাইন, এনসিপি এর অঞ্চল তত্ত্বাবধায়ক ও যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বান্দরবান জেলার প্রধান সমন্বয়কারী মো. শহীদুর রহমান সোহেল দলের শীর্ষ নেতাদের আগমন উপলক্ষে সমাবেশ ও পদযাত্রা সফল করতে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে শেষ করেছেন বলে জানিয়েছেন।
কক্সবাজার.শনিবার ১৯ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















