২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্র পক্ষের আপিলের ওপর শুনানি শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বেঞ্চে প্রথম দিনের শুনানি শেষে আগামী ২৪ জুলাই পর্যন্ত মুলতবি করা হয়।আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ। আসামি পক্ষে রয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
আইনজীবী এস এম শাহজাহান বলেন, আজ আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শুরু হয়। এখানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক দুজনের (মাওলানা তাজউদ্দিন ও মো. হানিফ) পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়।
তিনি বলেন, রাষ্ট্রপক্ষ পেপারবুক (মামলার যাবতীয় নথি) থেকে পড়া শুরু করেছেন। সাক্ষীগুলো ও হাইকোর্টের রায় সবিস্তারে উপস্থাপন করেছেন। পরবর্তী শুনানির জন্য আগামী ২৪ জুলাই দিন রেখেছেন। আমাদের আশা হাইকোর্ট বিভাগের খালাসের রায় বহাল থাকবে। আর রাষ্ট্রের আপিল নামঞ্জুর হবে বলে আশা করি।
ঢাকা,বৃহস্পতিবার ১৭ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















