সিরিয়ার রাজধানী দামেস্ক ও দক্ষিণাঞ্চলীয় সুয়েইদা প্রদেশে ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলায় পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠেছে। বুধবার ইসরায়েলি বাহিনী দামেস্কে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রেসিডেন্ট প্রাসাদের আশপাশে বিমান হামলা চালায়।
একইসঙ্গে সিরিয়ার দক্ষিণাঞ্চলে বিভিন্ন সামরিক ও অস্ত্রবাহী যানবাহনেও হামলা চালানো হয়। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার নিন্দা জানিয়েছে।
সিরিয়ায় চলমান জাতিগত সহিংসতায় এ পর্যন্ত ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর)। গত রোববার সুয়েইদা প্রদেশে দ্রুজ মিলিশিয়া ও বেদুইন গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। নিহতদের মধ্যে রয়েছেন ৬৯ জন দ্রুজ যোদ্ধা, ৪০ জন বেসামরিক নাগরিক, ১৬৫ জন সরকারি সেনা এবং ১৮ জন বেদুইন যোদ্ধা। এ ছাড়া ইসরায়েলি হামলায় ১০ জন সরকারি সেনা নিহত হয়েছেন।
এই সহিংসতার মধ্যে মধ্যস্থতায় নেমেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে লেখেন, আমরা এমন কিছু নির্দিষ্ট পদক্ষেপে একমত হয়েছি, যা এই ভয়াবহ পরিস্থিতির অবসান ঘটাবে।
আন্তর্জাতিক ডেস্ক,বৃহস্পতিবার ১৭ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















