আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও কক্সবাজারে ‘জামায়াত নেতার হামলায়’ বিএনপির নেতা নিহতের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মশাল মিছিল করেছে ছাত্রদল। একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলার ঘটনায় মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় মিছিলের একপর্যায়ে দুই ছাত্রসংগঠনের মধ্যে পাল্টাপাল্টি স্লোগানের ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, ছাত্রশিবির মিছিল শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য হয়ে উপাচার্যের বাসভবন অভিমুখে রওনা করে। অন্যদিকে টিএসসি থেকে শিবিরের পেছনেই মশাল মিছিল শুরু করে ছাত্রদল। একপর্যায়ে উপাচার্যের বাসভবনের সামনে থেকে টিএসসির দিকে মোড় নেয় ছাত্রশিবির; অন্যপাশে মশাল মিছিল করে ছাত্রদলের নেতাকর্মীরা।
এ সময় ছাত্রদলের মাইক থেকে ‘স্বৈরাচার আর রাজাকার, মিলেমিশে একাকাকার’ স্লোগান দেওয়া হয়। অন্যদিকে ছাত্রশিবিরের মিছিলের শেষ অংশ থেকেও উত্তেজনা দেখা যায়। তবে কর্মসূচির শেষ পর্যন্ত দুপক্ষ শান্তিপূর্ণ অবস্থান বজায় রেখে সমাবেশ শেষ করে।
ঢাকা ,বুধবার ১৬ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















