মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে মো. সোহাগ (৩৯) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে আঘাত করে নৃশংসভাবে হত্যার ঘটনায় টিটন গাজী নামে এক আসামির পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপরদিকে এ ঘটনায় পুলিশের করা অস্ত্র মামলায় তারেক রহমান রবিন নামে এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
শনিবার (১২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ গিয়াস পৃথকভাবে এ আদেশ দেন।
এদিন টিটন গাজীকে সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন হত্যা মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার পরিদর্শক নাসির উদ্দিন। সেই আবেদনের শুনানি শেষে বিচারক তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
অপরদিকে দুদিনের রিমান্ড শেষে রবিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনির। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।
ঢাকা,শনিবার ১২ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















