পবিত্র আশুরা উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাজধানীতে তাজিয়া মিছিল বের করেছে শিয়া সম্প্রদায়। কারবালার প্রান্তরে ইমাম হোসেন (রা.)-এর আত্মত্যাগের স্মরণে রোববার (৬ জুলাই) সকাল ১০টার দিকে পুরান ঢাকার ঐতিহাসিক হোসনি দালান ইমামবাড়া থেকে শুরু হয় এই শোক মিছিল।
মিছিলটি হোসনি দালান থেকে শুরু হয়ে বকশীবাজার লেন, আলিয়া মাদরাসা রোড, বকশীবাজার (কলপাড়) মোড়, উমেশ দত্ত রোড, উর্দু রোড মোড়, হরনাথ ঘোষ রোড, লালবাগ চৌরাস্তা, গোর-এ-শহীদ মাজার মোড়, এতিমখানা মোড়, আজিমপুর চৌরাস্তা, ইডেন কলেজ, নীলক্ষেত মোড়, মিরপুর রোড, ঢাকা কলেজ, সায়েন্সল্যাব মোড়, ধানমন্ডির ২ নম্বর রোড, বিজিবি ৪ নম্বর গেট, সাত মসজিদ রোড হয়ে শেষ হয় ধানমন্ডি লেকের পাড়ে প্রতীকী ‘কারবালা’ প্রান্তে। শোকের আবহে স্তব্ধ হয়ে যায় নগর।
মিছিলে ছিল ধর্মীয় শোক ও কারবালার প্রতীকের বহিঃপ্রকাশ। ছোট-বড় সবাই কালো পোশাকে, কপালে কালেমা লেখা কালো ফিতা বাঁধা। দুই সারিতে ধীরে ধীরে এগিয়ে যায় অংশগ্রহণকারীরা। ছোট ছোট ট্রাকে করে বিতরণ করা হয় পানি ও শরবত।
কারবালার স্মৃতিচারণে কালো মখমলের চাঁদোয়ার নিচে বহন করা হয় ইমাম হোসেনের প্রতীকী কফিন। মিছিলের শুরুর দিকে ছিল কালো ব্যানার, বেহেস্তা (লাল-সবুজ নিশান), পাঞ্জা আলম, মাতম ও জারি তাজিয়া। মিছিলের শেষে ছিল ইমাম হাসান ও ইমাম হোসেনের দুটি প্রতীকী ঘোড়া। ঘোড়াগুলোর পা দুধ দিয়ে ধুয়ে সেই দুধ সংগ্রহ করতে দেখা যায় শিয়া অনুসারীসহ বিভিন্ন ধর্মাবলম্বীদের।
ঢাকা,রোববার ০৬ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















