পবিত্র আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের শোকাবহ তাজিয়া মিছিল শুরু হয়েছে।
রোববার (৬ জুলাই) সকাল ১০টার দিকে রাজধানীর ৪০০ বছরের পুরনো হোসনি দালান থেকে এই মিছিল শুরু হয়।
তাজিয়া মিছিলটি হোসনি দালান ইমামবাড়া থেকে রাজধানীর আজিমপুর, নীলক্ষেত, নিউমার্কেট, সায়েন্সল্যাব ঘুরে ধানমন্ডি গিয়ে শেষ হবে।
তাজিয়া মিছিলে অংশ নেওয়া অধিকাংশকেই কালো পোশাক পরিধান করতে দেখা যায়। এ ছাড়া তাদের হাতে প্রতীকী ছুরি, আলাম, পতাকা বা নিশান, বেস্তা, বইলালামও দেখা যায়।
এদিকে তাজিয়া মিছিল ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়। মিছিলের অগ্রভাগে, মধ্যবর্তী অংশে ও শেষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র্যাব, সোয়াট, ফায়ার সার্ভিসের সদস্যদেরও দেখা গেছে। সাদা পোশাকে গোয়েন্দা সংস্থা ও পুলিশের সদস্যরা রয়েছেন।
ঢাকা,রোববার ০৬ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















