গাজীপুরের কাপাসিয়ায় জাহিদুল ইসলাম (২৮) নামে এক সৌদি প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সনমানিয়া ইউনিয়নের আড়াল (মধ্যপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।নিহত জাহিদুল ইসলাম কাপাসিয়া উপজেলার সনমানিয়া বরকান্দা গ্রামের মৃত হাদিস উদ্দিনের ছেলে। তার মা রোকেয়া বেগম সনমানিয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য।
পরিবার সূত্রে জানা গেছে, জাহিদুল সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। তার পাঁচ বছর বয়সী একটি কন্যা সন্তা রয়েছে।
নিহতের ভাইয়ের মেয়ে সাথী বেগম বলেন, কাকা কিছুদিন আগেই দেশে এসেছেন। গতরাতে বাড়ির পাশের দোকান থেকে তাকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, ‘প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রাতে জাহিদুল ইসলাম স্থানীয় এক মুদি দোকানে বসে ছিলেন। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ১০-১২ জন দুর্বৃত্ত তাকে ডেকে নেয় এবং মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে আহত করে। স্থানীয়রা চিৎকার শুনে তাকে উদ্ধার করে প্রথমে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।’ওসি আরও জানান, হত্যার পেছনে কারা জড়িত এবং কেন এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
গাজীপুর,শনিবার ০৫ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















