রাজধানীর শাহবাগ মোড়ে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় জাতীয় জাদুঘরের সামনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই প্রদর্শনী চলছিল।
বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ৮টার দিকে শাহবাগ মোড়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে জাতীয় জাদুঘরের সামনে এনসিপির জুলাই প্রদর্শনী শেষে একটি মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন দলটির নেতাকর্মীরা। এ সময় মোটরসাইকেলে করে এসে শাহবাগ মোড়ে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দিকে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম। তিনি বলেন, কে বা কারা মোটরসাইকেলে করে এসে ককটেলের মতো কিছু বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। শাহবাগ মোড়ে পুলিশ ও ট্রাফিক সার্জেন্ট ছিলেন। কারা এ ঘটনা ঘটিয়েছে, তার খোঁজ নেওয়া হচ্ছে।
ঢাকা,বৃহস্পতিবার ০৩ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















