এইচএসসি পরীক্ষা দিতে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হওয়া মিরপুর সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী মাহিরা বিনতে মারুফকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া মাহিরাকে সাভার থেকে উদ্ধার করা হয় রোববার (২৯ জুন) দিনগত রাতে।র্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস) কে এন রায় নিয়তি বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারপ্রাপ্ত মাহিরাকে আনুষ্ঠানিকতা শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে, রোববার সকাল ৮টার দিকে এইচএসসি পরীক্ষার উদ্দেশ্যে বাসা থেকে বের হন মাহিরা। দুপুর ১টার দিকে এইচএসসির পরীক্ষার সময় শেষ হয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাসায় ফেরেননি। উদ্বিগ্ন পরিবারের সদস্যরা পরীক্ষা কেন্দ্রে গিয়ে জানতে পারেন, মাহিরা পরীক্ষায় উপস্থিতই হননি।
এ ঘটনার পরপরই সন্ধ্যায় রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে মাহিরার পরিবার। এরপর থেকেই তাকে খুঁজতে নামে আইনশৃঙ্খলা বাহিনী।উদ্ধারকৃত শিক্ষার্থীর বরাত দিয়ে র্যাবের এ কর্মকর্তা জানান, গত ২৯ জুন তার এইচএসসি পরীক্ষা ছিল। সকাল ৮টার দিকে বাসা থেকে বের হয়ে মিরপুর সরকারি বাঙলা কলেজ সেন্টারে পরীক্ষা দেওয়ার উদ্দেশে রওনা হওয়ার কিছুক্ষণ পর পরই একজন নারী তার সঙ্গে কথা বলতে আসে, কথা বলার এক পর্যায়ে নারী চেতনানাশক কিছু দ্রব্য তার নাকের সামনে ধরলে মেয়েটি অজ্ঞান হয়ে যায়। পরে সে আর কিছু মনে করতে পারে না। জ্ঞান ফিরলে সে নিজেকে একটি রুমের ভেতরে আবিষ্কার করে। সে সময়ে সাভারে র্যাবের একটি দল মেয়েটির সম্ভাব্য অবস্থান নিশ্চিত করে। অভিযান পরিচালনার জন্য মেয়েটির অবস্থানরত এলাকায় যায়। ভিকটিম অজ্ঞাত বাসায় বেশ কিছুসময় অতিবাহিত হওয়ার পরে সুকৌশলে বাসা থেকে বের হয়ে যায়। র্যাবের টহল দল তখন ভিকটিমের সুনির্দিষ্ট অবস্থান নির্ণয় করে তাকে উদ্ধার করে। ভিকটিমকে প্রাথমিক আইনি কার্যক্রম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ঢাকা,সোমবার ৩০ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















