কোনও ধরনের মব জাস্টিসকে প্রশ্রয় দেয়া হবে না, মামলা করে দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।মব জাস্টিসের ক্ষেত্রে পুলিশের কোনো গাফিলতি থাকলেও ব্যবস্থা নেওয়া হবে।মঙ্গলবার (২৪ জুন) দুপুরে জাপানি সংস্থা জাইকার কারিগরি সহযোগিতায় ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিআরএসপি প্রজেক্টের অধীনে ‘সড়ক নিরাপত্তা পোস্টার ও স্লোগান’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, ঢাকায় মব জাস্টিস ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উত্তরায় সাবেক সিইসি নুরুল হুদাকে আটকের সময় মব সৃষ্টির ঘটনায় একজন গ্রেপ্তার হয়েছে। একটা মামলাও নিয়েছি। আমরা মব জাস্টিস অ্যালাউ করছি না। মব জাস্টিসের ঘটনায় আমরা ছিনতাই ও ডাকাতির মামলা নিচ্ছি।
তিনি আরও বলেন, মব জাস্টিসের এক-দুটি ঘটনায় কর্তব্যে অবহেলার কারণে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিন-চার মাস আগে যে পরিমাণ মব জাস্টিস ছিল এখন আর সেই পরিমাণ নেই।
ডিএমপি কমিশনার বলেন, রাতে বাড়িতে আসামি আছে, সেই বাড়িতে হানা দেওয়া, দরজা ভাঙা বা কিছু করা এ ধরনের ঘটনা অ্যালাউ করছি না। এ কারণে সম্প্রতি এ ধরনের ঘটনা কমে গেছে। কেউ যেন কোনো অপরাধীকে ধরার জন্য না যায়। আপনারা পুলিশকে খবর দেবেন, আমরা সেখানে যাব। আমরা তাদের ধরবো। কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার এখতিয়ার রাখে না। যেসব অফিসার এ ধরনের ঘটনায় ব্যবস্থা নেবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
ঢাকা,মঙ্গলবার ২৪ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















