ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। শুক্রবার (২০ জুন) রাতে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র উত্তর ইসরায়েলের হাইফা শহরের বিভিন্ন এলাকায় আঘাত হেনেছে।এতে অন্তত ২১ জন আহত হয়েছেন। এছাড়া উপকূলীয় শহরটির বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।
ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) এসব তথ্য নিশ্চিত করেছে।
এমডিএ জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় হাইফায় আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। একজন ১৬ বছর বয়সী কিশোর এবং চল্লিশোর্ধ্ব একজন পুরুষ। আরও দুজনের আঘাতও গুরুতর। আর বাকি ১৭ জন সামান্য আহত হয়েছেন।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, এ হামলায় মোট ২৫টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান। হামলার সময় ইসরায়েলজুড়ে সাইরেন বেজে ওঠে এবং লাখ লাখ ইসরায়েলি আশ্রয়ের জন্য ছুটে যান।
আন্তর্জাতিক ডেস্ক,শুক্রবার ২০ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















