জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হলে সেই অনুযায়ী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বাহিনী প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।রোববার (১৫ জুন) আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন কমিশন (ইসি) যে সময়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে, সেই অনুযায়ী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বাহিনী প্রস্তুত থাকবে।ভারত থেকে পুশব্যাক প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাংলাদেশের নাগরিক হলে যথাযথ প্রক্রিয়ায় তাদেরকে পাঠাতে হবে। এ ব্যাপারে ভারতীয় হাইকমিশনারকে তাগিদ দেয়া হয়েছে। এ দেশের নাগরিক হলে তাদেরকে গ্রহণ করা হবে।
এখনো পুলিশ সচল হয়নি এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এ কথা কে বলেছে। আপনারা যদি আগের ১৫ বছরের মতো ভাবেন গেলেই পুলিশ পিটুনি দেবে আমরা তো সেই পুলিশ চাচ্ছি না। আমরা মানবিক পুলিশ চাচ্ছি। যারা সবার সঙ্গে ভালো আচরণ করবে। এখানের পুলিশ হচ্ছে মানবিক পুলিশ। তারা এখন ভালো ব্যবহার করে দেখেই সাধারণ জনগণ ভাবছে পুলিশ সচল হয়নি। পুলিশ কিন্তু আগের থেকে আরও বেশি অ্যাকটিভ।
তিনি বলেন, আজকে ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য সবাই এক সঙ্গে হয়েছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি এবার সন্তোষজনক ছিল। এটা আপনারও লিখেছেন।
এ সময় রাজধানীর উত্তরায় র্যাবের পোশাক পরে ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চলছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
ঢাকা,রোববার ১৫ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















