প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গুরুত্বপূর্ণ সংস্কার কাজের অগ্রগতিসহ আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে নিয়ে তখন এ দুই নেতা কথা বলেন।
শুক্রবার (১৩ জুন) বাংলাদেশ সময় দুপুর দুইটার দিকে যুক্তরাজ্যের লন্ডনে হোটেল ডরচেস্টারে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মধ্যে বৈঠকটি শুরু হয়। যা চলে প্রায় দেড় ঘণ্টা মতো। এরপর বৈঠকের বিষয়ে অন্তর্বর্তী সরকার ও বিএনপি যৌথ বিবৃতি দেয়। যা প্রধান উপদেষ্টার ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে।দেড় ঘণ্টার বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রমুখ।
খলিলুর রহমান বলেন, আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লন্ডন সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়।
‘তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন, ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন যে, তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। ’
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধান উপদেষ্টাও তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান।
ঢাকা,শুক্রবার ১৩ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















