ভারতের গুজরাটের আহমেদাবাদে ২৪২ জন আরোহী নিয়ে এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে।বোয়িং ড্রিমলাইনার ৭৮৭ মডেলের উড়োজাহাজটি সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর (এসভিপিআইএ) থেকে লন্ডনের উদ্দেশে উড়াল দিয়েছিল।
বৃহস্পতিবার (১২ জুন) এই দুর্ঘটনাটি ঘটে গুজরাট স্টেট এভিয়েশন ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি লিমিটেড (জিইউএসইসি) পরিচালিত বিমানবন্দরে। স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে বিমানটি উড্ডয়নের পর কিছুদূর গিয়ে বিধ্বস্ত হয়। খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির।প্রতিবেদনে বলা হয়, আহমেদাবাদের সরদার ভল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি বিধ্বস্ত হয়। এয়ার ইন্ডিয়ার এআই-১৭১ ফ্লাইটটি লন্ডনের গ্যাটউইকে যাচ্ছিলো।
এখনও হতাহতের কোনও তথ্য জানায়নি কর্তৃপক্ষ। তবে এ দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে ধূসর ধোঁয়ার ঘন কুণ্ডলী উঠতে দেখা যাচ্ছে। বেশকয়েকটি অ্যাম্বুলেন্স এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। বিমানবন্দর এলাকা থেকে কিছু লোককে হাসপাতালে নিয়ে যেতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা। ওই এলাকার দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।দ্য টাইমস অব ইন্ডিয়াসহ ভারতীয় শীর্ষ সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়ে বলছে, বিমানটি এসভিপিআইএর রানওয়ে থেকে ওড়ার পর মেঘানীনগর এলাকার ওপর বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় ওই এলাকা, ছড়িয়ে পড়ে আতঙ্ক।
ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) জানিয়েছে, ২৩০ জন যাত্রী, দুই পাইলট ও ১০ জন কেবিন ক্রুসহ বিমানটি উড্ডয়ন করেছিল। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, তাদের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানটি আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল।
উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনটি ফায়ার সার্ভিসের ইউনিট। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তারা।
আন্তর্জাতিক ডেস্ক,বৃহস্পতিবার ১২ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















