প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলের নেতাদের বৈঠকের পরও সরকারের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না আসায় হতাশা প্রকাশ করেছে বিএনপি। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ডিসেম্বরের মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট ঘোষণা করার দাবি জানিয়েছে দলটি।
তা না হলে বিএনপি’র পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে বলে সতর্ক করেছে বিএনপি।
একই সঙ্গে দলটি বলেছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠকের পর উপদেষ্টা পরিষদের এক বিবৃতিতে যে বক্তব্য দেয়া হয়েছে, অস্পষ্ট ও বিভ্রান্তিকর। মূলত সরকার পরিচালনায় নিরপেক্ষতার ঘাটতি ও দুর্বলতার থাকায় জনমনে সংশয় দেখা দিয়েছে।
মঙ্গলবার বিকালে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয় এক জরুরী সংবাদ সম্মেলনে দলটির নেতারা এ কথাগুলো বলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন,অন্তবতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস দায়িত্ব ছেড়ে দিতে চান, এমন একটি খবর যখন দেশে তুমুল আলোচনা জন্ম দেয়। তখন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল ও সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন অন্তবর্তী সরকার প্রধান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন,সরকার কালবিলম্ব না করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ষ্টার ইশরাক হোসেনের শপথ গ্রহণের ব্যবস্থা নেবে।
তিনি বলেন,রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা প্রসঙ্গে তার প্রেস সচিবের মাধ্যমে সরকারের যে বক্তব্য পাওয়া গেছে তাতে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোন রোডম্যাপ ঘোষণা না থাকায় বিএনপি হতাশ হয়েছে।
সংবাদ সম্মেলনে খন্দকার মোশাররফ হোসেন বলেন,দেশকে স্থিতিশীল রাখতে নির্বাচন, বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে এদেশে স্বৈরাচারী আগমন প্রতিহত করতে ফ্যাসিবাদবিরোধী বৃহত্তর জাতীয় ঐক্য প্রয়োজন।
এই সংবাদ সম্মেলনে খন্দকার মোশাররফ হোসেন বলেন ,যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া তাই সংস্কার ও নির্বাচনের প্রক্রিয়া দুটোই একসাথে সাথে চলতে পারে।একই সাথে পতিত ফ্যাসিবাদী শক্তির ও ব্যক্তির অর্থাৎ দল ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার প্রক্রিয়া চলমান থাকবে।
এই সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, এবং মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,মঙ্গলবার ২৭ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















